ডিপিএল

ট্রফি উন্মোচনে উঠে এলো পারিশ্রমিক ইস্যু

ট্রফি উন্মোচনে উঠে এলো পারিশ্রমিক ইস্যু

গতকাল বিকাল ৪টার খানিক পর মূল মাঠে হাজির ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১২ দলের ১২ অধিনায়ক। কিছুটা জাঁকজমকভাবে আয়োজন করা হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের। ১২ অধিনায়কই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছেন নিজ দলের জার্সি ও ট্রাউজার পরে। দেখে মনে হচ্ছিল পুরোপুরি পেশাদারিত্ব মেনে আয়োজন করা হয়েছে এবারের ট্রফি উন্মোচন। তবে এ অনুষ্ঠানে খানিকটা অপেশাদারিত্বের অভিযোগও এসেছে। ডিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়েও কথা বলেছেন জাতীয় দলের সাবেক ও মোহামেডানের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

ট্রফি উন্মোচনের আগের দিন অর্থাৎ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠক করেন ক্রিকেটাররা। সেখানে বারবার উঠে আসে ডিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে। পারিশ্রমিক যেন ক্রিকেটাররা ঠিকঠাক পান, সে বিষয়ে উদ্যোগ নিতে কোয়াবের প্রতি আহ্বান ছিল ক্রিকেটারদের। এবার ক্লাব প্রতিনিধি ও সংবাদমাধ্যমের সামনে একই সুরে কথা বলেছেন মোহামেডান অধিনায়ক তামিম।

বিজ্ঞাপন

তিনি জানান, বিপিএল ও ডিপিএলে ক্রিকেটারদের আর্থিকভাবে বেশ ভুগতে হয়েছে। এবার যেন তেমন না হয়, সেদিকে লক্ষ্ রাখার আহ্বান জানান তামিম। তার কথায়, ‘বিপিএল বলেন আর ডিপিএল বলেন, ক্রিকেটাররা আর্থিকভাবে অনেক ভুগেছে। আমি আশা করব ক্লাবগুলো যে কমিটমেন্ট করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটি টাকা যেন প্রত্যেক খেলোয়াড় পায়Ñ এটাই আমার জন্য মূল প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেটটা ভালো হোক।’ তিনি আরও যোগ করেন, ‘খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোকÑ এগুলো সব ঠিক আছে। প্লেয়ার্স পেমেন্টটা যেন মেক শিওর সব ক্লাব যে প্রত্যেক প্লেয়ার পেমেন্ট পাচ্ছে। এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি আমাদের দেশের পরিস্থিতিটা একটু ভিন্ন।’

পাশাপাশি আম্পায়ারিং মান যেন ঠিকঠাক থাকে এবং খেলা যেন ভালোভাবে শেষ হয়, সেটাও লক্ষ রাখার আহ্বান ছিল তামিমের। তিনি বলেন, ‘আম্পায়ারিং নিয়ে যেসব অভিযোগ থাকে, সেগুলো বোর্ড টেককেয়ার করুক, ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। আবারও বললাম, আমার মেইন প্রায়োরিটি প্লেয়াররা যেন পুরো পেমেন্ট পায়।’ তামিমের কথার সঙ্গে মিলিয়ে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং এ বছরটা। তামিম ভাই ম্যানশন করেছেন পেমেন্ট বড় একটি ইস্যু। এ কারণে বড় কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি। আমার মনে হয় পেমেন্ট ইস্যুটা প্রিমিয়ার লিগের বড় ইস্যু। পেমেন্ট অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এবার। ওই অ্যামাউন্টটা যেন ক্লাবগুলো মেকশিওর করে।’

পাশাপাশি পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান, গাজী গ্রুপ ক্রিকেটার্সের এনামুল হক বিজয়, লিজেন্ডস অব রূপগঞ্জের আকবর আলীরা জানান ভালো খেলার প্রত্যয়। পাশাপাশি টিভি ও ইউটিউবে খেলা সম্প্রচার হওয়ায় বাড়তি উন্মাদনা কাজ করবে বলে জানান তারা।

এবারই প্রথমবারের মতো থার্ড আম্পায়ার থাকছে ডিপিএলে। সব মিলিয়ে ভালো ক্রিকেটের আশা সব দলের অধিনায়কের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন