ব্যাটিং ব্যর্থতায় ফের সোহানদের হার

ব্যাটিং ব্যর্থতায় ফের সোহানদের হার

টপ এন্ড টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু করে জয়ের ধারায় ফিরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে নেপালের বিপক্ষে জয় পাওয়ার পরের দিনই বদলে গেল দলের চেহারা। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কচার্সের বিপক্ষে গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ। হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে, পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও পার্থ স্কচার্সের জয় পাওয়া খুব একটা কঠিন হয়নি। ১২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার দলটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ‘এ’ দলের ১২৩ রানের জবাবে নেমে ৩৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বেশ বিপদেই পড়ে পার্থ। তবে তিনে নামা টেগ ওয়াইলি ও পাঁচে নামা জোয়েল কার্টিসে ভর করে সহজেই জয় নিশ্চিত করে পার্থ স্কচার্স। ওয়াইলির ব্যাটে আসে ৩১ রান ও শেষ পর্যন্ত অপরাজিত থাকা কার্টিস করেন ৩৪ বলে ৪৪ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নাঈম হাসান ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পার্থ স্কচার্সের বিপক্ষে একরকম মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। চারে নামা আফিফ হোসেন ধ্রুব ছাড়া বাকিরা কেউ বলার মতো সংগ্রহ গড়তে পারেননি। তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নামা আফিফ ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে ৪৯ বলে করেন ৪২ রান।

এছাড়া ৫ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাকিবুল হাসান। অধিনায়ক নুরুল হাসান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে আসে ১৪ রান করে। পার্থ স্কচার্সের হয়ে ব্রেইস জ্যাকসন ৪৫ রানে নেন ৩ উইকেট।

টপ এন্ড টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচে দুটিতে হেরেছে একটিতে জিতেছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ : ১২৩/৯, ২০ ওভার (আফিফ ৪২, রাকিবুল ১৬, জ্যাকসন ৩/৪৫)।

পার্থ স্কচার্স : ১২৬/৫, ১৮ ওভার (কার্টিস ৪৪, ওয়াইলি ৩১, রাকিবুল ২/১৮)। ফল : পার্থ স্কচার্স ৫ উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন