টিভি পর্দায় খেলা দেখা যাবে বলে বেশ উচ্ছ্বসিত ছিলেন আকবর আলী। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সেই উচ্ছ্বাসটা প্রকাশ করেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক। ঠিক ওই সময়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক ক্লাব কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে গল্পের ছলে বলছিলেন, ‘এবার ফেয়ার খেলা হবে। কোনো দলের এবার আগের মতো আনফেয়ার খেলার কোনো সুযোগ নেই।’ তাদের কথায় খানিকটা স্পষ্ট কতটা পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ব্রডকাস্ট রাইটস বিক্রি করায় ডিপিএলের খেলা দেখা যাবে টিভি পর্দা ও ইউটিউবে। সব মিলিয়ে নতুনরূপে মাঠে গড়ানোর অপেক্ষায় ডিপিএল।
ডিপিএল নিয়ে মিরপুরে আমেজটা এবার একটু ভিন্ন। সবারই তীক্ষ্ণ নজর ছিল দলগুলোর অনুশীলনের দিকে। ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডান ছাড়াও নজর আছে লিজেন্ডস অব রূপগঞ্জ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দিকেও। কারণ, তারাও যে শিরোপা জয়ের জন্য এবার দল গড়েছে। পাশাপাশি চমক নেওয়ার অপেক্ষায় থাকবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো দলগুলোও। সবকিছু মিলিয়ে এটুকু স্পষ্ট যে, বেশ উত্তাপ ছড়ানোর অপেক্ষা নিয়ে শুরু হবে ডিপিএল।
এছাড়া এবারে ডিপিএলে থাকছে থার্ড আম্পায়ার। এর আগে এক দশক পূর্বে থার্ড আম্পায়ারের প্রচলন ছিল। এবার ফের ডিপিএলে থার্ড আম্পায়ার ফেরানো হয়েছে। সব মিলিয়ে এবার নতুন ডিপিএল শুরুর অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

