অস্ট্রেলিয়া সফরের শেষটাও ভালো হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় আরও এক ম্যাচে বড় হার দেখল টাইগ্রেসরা। শারমিন আক্তার সুপ্তা ও স্বর্না আক্তারের ফিফটিতে বাংলাদেশের করা ১৭২ রানের মামুলি লক্ষ্যকে তেমন পাত্তাই দেয়নি অজি নারীরা। ১৬৪ বল রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অজিদের এই জয়ে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের নারীরা।
বুধবার ব্রিসবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
গত দুই ম্যাচের মতো এদিনও আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। আর ব্যাটিংয়েও ছিল সেই আগের ধারাবাহিকতা। গত দুই ম্যাচের মতো এদিনও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা।
৯ ওভারে মাত্র ১৮ রান করে ৩ উইকেট হারায় বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও হাল ধরতে পারেননি, করেছেন ২৪ বলে ৯ রান। ৪৫ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।
খাদের কিনার থেকে দলকে টানার চেষ্টা করেন শারমিন আক্তার, পরে যোগ দেন স্বর্ণা। বাংলাদেশের ১৭২ রানের মধ্যে ১০৪ রানই আসে এই দুই ব্যাটারের ব্যাট থেকে। তবে উইকেটের গতিপ্রকৃতি অনুযায়ী যে গতিতে রান তোলা দরকার ছিল, সেটা পারেননি তারা।
তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে করেন ৫০ রান। ছয়ে নেমে স্বর্ণা ৫৪ রান করেছেন ৭১ বলে। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংস খেলা স্বর্ণার ইনিংসে চার ছিল ৪টি।
শারমিন-স্বর্ণা ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু আট ও নয়ে নামা রাবেয়া খান ও দিশা বিশ্বাস। দুজনই করেছেন ১৩ রান করে। স্বর্ণা আউট হয়ে গেলেও ওয়ানডে অভিষিক্ত দিশা অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন মেগান শুট। এই ১০ ওভারের মধ্যে পাঁচটিই ছিল মেডেন ওভার।
সেখান থেকে ৫৪ রানের জুটি গড়েন শারমিন ও স্বর্ণা। শারমিন ফেরেন দলকে ৯৯ রানে রেখে, ৪৯তম ওভারে দলীয় ১৬৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্বর্ণা।
রান তাড়ায় ১৩ রানে প্রথম ও ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের মামুলি লক্ষ্য তেমন কোনো প্রতিবন্ধকতাই তৈরি করতে পারেনি অজিদের সামনে। তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনেই বিধ্বংসী ব্যাটিং করেছেন। ৮ চারে ৬৪ বলে ৬৫ রান করেছেন পেরি। সাদারল্যান্ডের ৫২ বলে ৭৪ রানের ইনিংসে চার ছিল ১২টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-4ac6b9-720x405.webp)