২০২৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। আসন্ন টুর্নামেন্টটির জন্য ১৬ দল চূড়ান্ত হয়েছে। সবশেষ দল হিসেবে যুবাদের বিশ্বকাপের টিকিট কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পূর্ণ সদস্য হওয়ায় আয়োজক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ খেলবে জিম্বাবুয়ে। অন্যদিকে পূর্ণ সদস্য দেশ না হওয়ায় আয়োজক কোটায় খেলার সুযোগ নেই নামিবিয়ার। তারা বাছাইপর্বের বাধাও অতিক্রম করতে পারেনি। তাই কেবলমাত্র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করেই সন্তুষ্ট থাকতে হবে তাদের।
গত আসরের শীর্ষ দশ দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। দুই ফানালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে এই তালিকার বাকি ৮ দল হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
বাকি ৫ দল বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে। আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা, বারমুডা ও কানাডাকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকান অঞ্চলের কোয়ালিফায়ারে নামিবিয়াকে হারিয়ে মূল পর্বে উঠেছে তানজানিয়া।
পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান। এশিয়ান কোলিফায়ারে আফগানিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। রান রেটে এগিয়ে থাকায় টুর্নামেন্টে জায়গা করে নেয় আফগানরা। অন্যদিকে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে মূল পর্বে উঠেছে স্কটল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

