অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

ভারতকে হারাতে চায় বাংলাদেশ

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্ব চলাকালীন প্রধান কোচ জেরার্ড জোনসকে ছাঁটাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কেননা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। উজবেকিস্তানের কাছে ২-০ আর সিরিয়ার কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশের যুবারা।

বিজ্ঞাপন

এতে বাছাই পর্ব উতরানোর সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদের। এ অবস্থায় আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় দুদলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তৃতীয় ম্যাচটি জিতে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

ভারত ম্যাচের আগে ডিফেন্ডার মিঠু চৌধুরী বলেছেন, গত দুটি ম্যাচে খুবই বাজেভাবে হেরেছেন তারা। তবে এই হার ভুলে ভারত ম্যাচের দিকেই সব মনোযোগ এখন তাদের। বাংলাদেশ সাফের বর্তমান চ্যাম্পিয়ন। তাই ভারতের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলতেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

মিঠু চৌধুরী জানান, ‘ভারত ম্যাচের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা ফুল ফোকাস দিচ্ছি, কিভাবে ইন্ডিয়াকে আমরা হারাতে পারব।’ আরেক ডিফেন্ডার মাসুদ রানা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব।’ বিদেশি কোচ বিদায়ের পর ভারপ্রাপ্ত মিশুর অধীনে জয়ের মুখ দেখে কি না বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন