মিশন চ্যাম্পিয়নস ট্রফি

দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়লেন ক্রিকেটাররা

দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়লেন ক্রিকেটাররা

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট টিম। ওয়ানডের এ বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের ফ্লাইট ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো দলের সঙ্গে মধ্যপ্রাচ্য গেছেন কোচিং স্টাফের সব সদস্যও।

দোড়গড়ায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের দলগুলো শেষ সময়ের প্রস্তুতি নিতে এখন ব্যস্ত। বাংলাদেশ দল ঘরের মাঠে অনুশীলন সেরে নিয়েছে। গত বুধবার মিরপুরে অনুশীলন করেছে টাইগাররা। সেদিন পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশনও সেরে নেয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। তবে হাইব্রিড মডেলে ভারত লড়াই করবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। তার আগে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দেশের ক্রিকেটাররা।

যাওয়ার আগে শিরোপা জয়ের বড় স্বপ্নের কথাই শুনিয়েছেন অধিনায়ক শান্ত, ‘টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (দল) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন