২০২৫ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চলতি মাসে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এজন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সেলেসাওরা। সে দলে জায়গা হয়েছে নেইমারের। এর মাধ্যম প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন এই ফরওয়ার্ড।
এর আগে সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সে ম্যাচে লিগামেন্টের চোট নিয়ে মাঠ ছাড়েন। এজন্য প্রায় এক বছর ছিলেন মাঠের বাইরে।
সুস্থ হয়ে ২০২৪ সালের অক্টোবরে আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে মাঠে নামেন নেইমার। এরপর ফের চোট পাওয়ায় কয়েকটি ম্যাচের জন্য ছিটকে যান। টানা চোটের কারণে আল হিলালের হয়ে খেলেন মাত্র ৭ ম্যাচ। অবশেষে গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ করে সান্তোসে ফেরেন তারকা ফুটবলার।
শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে জালের দেখা পেয়েছেন দুইবার। ধীরে ধীরে ছন্দে ফেরায় তাকে প্রাথমিক দলে নিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র।
২৩ জন নিয়ে আগামী ৭ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সে দলে নেইমার টিকেন কিনা সেটা জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

