আল নাসরকে জিতিয়ে হাজারের আরও কাছে রোনালদো

আল নাসরকে জিতিয়ে হাজারের আরও কাছে রোনালদো

ক্যারিয়ারের হাজারতম গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলেই শুরু হয়েছিল আল নাসরের জয়ের পথ, শেষ পর্যন্ত আবহাকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে স্বস্তির জয় পেয়েছে সৌদি ক্লাবটি। এই গোলের মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯-এ। ইতিহাসের মাইলফলক এক হাজারে পৌঁছাতে এখন প্রয়োজন আর মাত্র ২১ গোল।

বিজ্ঞাপন

আগের ম্যাচে আল-ইতিহাদের কাছে ২-১ গোলে হারের পর বুধবার রাতে আল-আউয়াল পার্কে জয় পেতে মরিয়া ছিল আল নাসর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তারই ফল আসে ২২তম মিনিটে।

অ্যাঞ্জেলোর বাঁকানো ক্রসের দিকে দারুণভাবে লাফিয়ে উঠে হেড করেন রোনালদো। তার শট পোস্টে লেগে গোলরক্ষক ডোনোভান লিওনের পাশ দিয়ে জালে ঢুকে যায়। তাতেই আল নাসরের এগিয়ে যাওয়া এবং রোনালদোর গোলের সংখ্যা আরও এক ধাপ বাড়া।

গোল হজমের পরপরই সমতায় ফেরার সুযোগ তৈরি করে আবহা। এক মিনিট পর মিশি বাতশুয়াইয়ের পাস থেকে আলিমামি গোরির শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ৩৮তম মিনিটে রোনালদোর শটও পোস্টে প্রতিহত হয়। পরের মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে তার আরেকটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিওন ও আল-ফাহাদ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আল নাসর। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল-হামদান। দূরের পোস্ট লক্ষ্য করে তার শক্তিশালী শটে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে ৭৫ মিনিটে দারুণ এক গোলে ম্যাচ জমিয়ে দেন আবহার নাবিল ফেকির। বাঁ দিক থেকে ফ্রি-কিক নিতে গিয়ে আল নাসরের রক্ষণ ও গোলরক্ষক বেন্তোকে চমকে দিয়ে সরাসরি শট নেন ফরাসি ফরোয়ার্ড। বাঁক নেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান কমায়।

শেষ ১৫ মিনিটে আবহা সমতা ফেরানোর চেষ্টা করলেও আর গোল পায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোর দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন