অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত হওয়ায় ফারুক নজর নামে এক দর্শককে হেনস্থা করেছিল ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। সে ঘটনায় এবার দুঃখপ্রকাশ করেছে আয়োজক ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব।
প্রতিবেদনে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ডন জানায়, ম্যানচেস্টার টেস্টে পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশ করায় নিরাপত্তাকর্মীদের চাপের মুখে পড়েন নজর। তাকে বারবার পাকিস্তানের জার্সি ডেকে ফেলার আদেশ দেন নিরাপত্তাকর্মীরা।
জার্সি না ঢাকার জন্য নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে যান নজর। কিন্তু নিরাপত্তাকর্মীরা বারবার একই কথায় বলায় শেষ পর্যন্ত জার্সি না খুলে গ্যালারি থেকে বের হয়ে যান তিনি। পুরো ঘটনার ভিডিও করেন নজর। পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সে ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এরপর থেকেই নিন্দার ঝড় শুরু হয়।
ওই ভিডিওতে নজর বলেন, ‘কন্ট্রোল থেকে আমাকে জার্সিটি ঢেকে ফেলার কথা বলা হয়।’ আরেকজন নিরাপত্তাকর্মী বলেন, ‘পাকিস্তানের জার্সিটিকে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হতে পারে।’
ওই ঘটনার পরই তদন্ত শুরু করে ল্যাঙ্কাশায়ার। তদন্ত শেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্লাবটি। এক বিবৃতিতে ল্যাঙ্কাশায়ার লিখেছে, ‘প্রথমেই আমরা একটি বিষয় জানাতে চাই। শুধুমাত্র পাকিস্তানের জার্সি পরার কারণে কাউকে মাঠ থেকে বের করে দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। সে ঘটনার পর আমাদের স্টাফরা সতর্ক ছিলেন। সেই দর্শকের নিরাপত্তার কথা ভেবে স্টাফরা জার্সি ঢাকার জন্য অনুরোধ করেছিলেন। এজন্য একাধিকবার সৌজন্যতার সহিত তাকে অনুরোধ করা হয়েছিল। এরপরও তিনি রাজি হননি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

