চ্যাম্পিয়নস ট্রফি

ক্লাসেনের চোখে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন

ক্লাসেনের চোখে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন

চোট পিছু ছাড়েনি। ইনজুরির জ্বালাতন সইতে না পেরে মাঝে খেলতেও পারেননি। কিন্তু হেইনরিখ ক্লাসেনের দুরন্ত ব্যাটিং ফর্মের ছন্দে মোটেই ছেদ পড়েনি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন। লক্ষ্য তাড়ায় আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ছোঁয়া ইনিংস খেলে দারুণ কিছুই করে ফেলেছেন ক্লাসেন। এ নিয়ে ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে পেলেন ফিফটির দেখা : ৮৬, ৯৭, ৮১, ৮৭ ও ৬৪। ব্যাট হাতে এমন নৈপুণ্য দেখিয়েও যেন মন ভরছে না দক্ষিণ আফ্রিকার এ মারকুটে ব্যাটারের। এখন চান তিনি আরো স্পেশাল কিছু। এখন স্বপ্ন দেখছেন নিজেকে ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ হিসেবে গড়ে তোলার।

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী এ উইকেটরক্ষক-ব্যাটার বৈশ্বিক এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্লাসেন মাঠে ছিলেন না কনুইয়ের ইনজুরির কারণে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরার কথা ছিল তার। কিন্তু ম্যাচটি পণ্ড হয়ে যায় বৃষ্টির হানায়। করাচিতে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে এনে দেন ৫৬ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস।


প্রোটিয়াদের ৭ উইকেটের জয়ের ম্যাচে স্কাই স্পোর্টসে ৩৩ বছরের এ ব্যাটার বললেন, চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ নিয়ে প্রধান কোচ রব ওয়াল্টারের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছেন।


নিজের ব্যক্তিগত এই মিশন নিয়ে ‘হালাকু খান’ খ্যাত ক্লাসেন বলেন, ‘এই সফরে রব ওয়াল্টারের সঙ্গে আলোচনায় নিজেকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম- আমি বিশ্বের সেরা হতে চাই। আমি ম্যাচ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাটি দিয়ে শট খেলতে পারি, যেমনটি আজ (শনিবার) রাতে করেছি। আমার ইনিংসে আমি সন্তুষ্ট। আমার কৌশলের ওপর আস্থা রেখে রান করেছি আমি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন