এশিয়ান গেমস

চীন-জাপানের দাপট, ৩৭তম হয়ে আসর শেষ বাংলাদেশের

চীন-জাপানের দাপট, ৩৭তম হয়ে আসর শেষ বাংলাদেশের

পর্দা নেমেছে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের। দুই সপ্তাহের লড়াই শেষে পদক তালিকায় যথারীতি শীর্ষে চীন, দ্বিতীয় স্থানে স্বাগতিক জাপান। বাংলাদেশের অবস্থান ৩৭তম। ৪৫টি দেশ ও একটি শরণার্থী দল অংশ নেওয়া এবারের আসরে পদক পেয়েছে ৪০টি দেশ। বাংলাদেশের মতো ব্রুনেই, লাওস ও সিরিয়াও পেয়েছে একটি করে ব্রোঞ্জ।

বিজ্ঞাপন

চীন ১৬৯টি সোনা, ৮৯টি রুপা ও ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক নিয়ে সবার ওপরে। স্বাগতিক জাপান ৮৩ সোনা, ৯৫ রুপা ও ৯১ ব্রোঞ্জে মোট ২৬৯টি পদক নিয়ে দ্বিতীয়। দক্ষিণ কোরিয়া ৩৯ সোনা, ৪৩ রুপা ও ৬৮ ব্রোঞ্জসহ ১৫০টি পদক নিয়ে তৃতীয়।

১৮৭ ক্রীড়াবিদ নিয়ে এবারের গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ। ক্রিকেট, কাবাডি, আর্চারি ও শুটিংয়ে পদকের আশা থাকলেও শেষ পর্যন্ত সাফল্য এসেছে শুধু উশুতে। জিন্নাত আক্তারের হাত ধরে পাওয়া ব্রোঞ্জই বাংলাদেশের একমাত্র পদক। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন জিন্নাত। সেখানে চীনের উ দিয়ের কাছে হেরে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি।

এশিয়ান গেমসে একক ইভেন্টে বাংলাদেশের এটি ৪০ বছর পর পদক। ক্রিকেটেও পুরুষ দল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে পদক হাতছাড়া করেছে। ফলে প্রত্যাশার তুলনায় বড় হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন