স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে পাত্তা দেয়নি বার্সেলোনা। মাঝারি মানের দলটির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে ফের টেবিলের শীর্ষে উঠল গত আসরের রানার্সআপরা।
২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৭ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আগের দিন বিলবাওকে হারিয়ে চূড়ায় উঠেছিল মাদ্রিদের ক্লাবটি। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। আক্রমণে ওঠা দানি ওলমোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সফরকারীদের ডিফেন্ডার এলোসতোন্দো। শুরুতেই একজনকে হারানোর ধাক্কা সামলে বার্সার সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি সোসিয়েদাদ। একের পর এক আক্রমণে তাদের দিশেহারা করে তোলে বার্সা। রক্ষণে মনোযোগ দিয়েও তাদের বড় জয় ঠেকাতে পারেনি অতিথিরা।
দুই অর্ধে দুটি করে গোল করে বার্সা। ২৫ মিনিটে জেরার্দ মার্তিনের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিট পর ব্যবধান বাড়ান কাসাদো। ৫৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো আরাহো। খানিকবাদে সোসিয়েদাদের জালে শেষ পেরেক ঠুকেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ত লেভানডভস্কি। বিপরীতে একবারও গোলের উদ্দেশ্যে বার্সার জালে শট নিতে পারেনি অতিথিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

