বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটির দ্বিতীয় দিন স্বাগতিকদের পেসার রিপন মন্ডলের ওপর রীতিমতো চড়াও হন প্রোটিয়াদের অফস্পিনার এনটুলি।
বাংলাদেশের ইনিংসের ১০৪তম ওভারের ঘটনা। এনটুলির করা সে ওভারের প্রথম বলে ছয় মারেন রিপন। এরপর কোনো একটা কথার জের ধরে রিপনের সঙ্গে লেগে যায় এনটুলির। সঙ্গে সঙ্গেই রিপনের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান এনটুলি। মুখোমুখি হয়ে প্রথমে রিপনকে ধাক্কা দেন। এরপর হেলমেট ধরে টানাটানি শুরু করেন।
পরিস্থিতি খারাপ দেখে ছুঁটে আসেন আম্পায়ার। তাতেও শান্ত হননি এনটুলি। আম্পায়ারের সামনেই দ্বিতীয় দফায় রিপনের হেলমেট ধরে টানাটানি করেন প্রোটিয়া বোলার। অনেক চেষ্টা করেও আম্পায়ার তাকে থামাতে পারছিলেন না। আম্পায়ারের বাধায় এক পর্যায়ে রিপনের হেলমেট ছাড়লেও শান্ত হননি এনটুলি। দৃশ্যপটের শেষটায় আঙুল উঁচিয়ে রিপনে হুমকি দেন তিনি। এই ঘটনা অবাক করেছে সংশ্লিষ্ট সবাইকে। এমন কাণ্ড ঘটিয়ে এনটুলি যে শাস্তির মুখোমুখি হচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

