পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকাসহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রত্যেক দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে যারা অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছে। আমরা পাশের দেশসহ এশিয়া-ইউরোপের সব দেশের সঙ্গে স্পোর্টস ডিপ্লোম্যাসি ও আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারি । আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি।’
মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা। এরপর অনূর্ধ্ব-২০ দলের খেলা অনুষ্ঠিত হয়।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশÑছয় জাতির অংশগ্রহণে হচ্ছে এই হ্যান্ডবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

