ওয়ানডে সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

ওয়ানডে সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা

টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেওয়া অজিরা এবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামবে। এদিকে দক্ষিণ আফ্রিকার সামনে ২০ ওভারের দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আজ সকাল সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোর্টের ক্যাজালি স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।

ওয়ানডে সিরিজে মাঝারি মানের দল নিয়ে নামছে অস্ট্রেলিয়া। দল থেকে আগেই ছিটকে গেছেন তিন খেলোয়াড় মিচেল ওয়েন, ম্যাট শর্ট ও ল্যান্স মরিস। তাদের জায়গায় এসেছেন কুপার কনোলি, অ্যারন হার্ডি এবং ম্যাট কুনেম্যান। এদের মধ্যে হার্ডি খেলতে পারেন প্রথম ম্যাচে। সেই সঙ্গে স্কোয়াডে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়া মার্নাস লাবুশেনকে। অজিদের হয়ে তিনে দেখা যেতে পারে ক্যামেরন গ্রিনকেও।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে ফিরছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি নিশ্চিত করেছেন যে, তাকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে দেখা যাবে। সেই সঙ্গে একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজকেও। প্রোটিয়াদের হয়ে অভিষেক হতে পারে টি-টোয়েন্টি সিরিজ মাতানো তরুণ তারকা ডেভিড ব্রেভিসের।

পরিসংখ্যানে অবশ্য কেউ কারো থেকে কম নয়। দুদল এখন পর্যন্ত ওয়ানডে ১১০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে অস্ট্রেলিয়া জিতেছে ৫১ ম্যাচে। ৫৫ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলাফল হয়নি ১ ম্যাচে। ড্র হয়েছে ৩ ম্যাচ। এবার দেখার পালা, এই সিরিজে কারা এগিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন