ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ফের কোটি টাকার টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে ফাইনাল দিয়ে আইপিএলের পর্দা নামার কথা ছিল। তবে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ৩০ মে’র মধ্যে আইপিএল শেষ করতে চায় বিসিসিআই। এজন্য দ্রুত টুর্নামেন্টটি শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী শুক্রবার আইপিএল শুরু করতে চায় বিসিসিআই। মঙ্গলবারের মধ্যে পাঞ্জাব কিংস ছাড়া বাকি সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের ভেন্যুতে রিপোর্ট করতে বলা হয়েছে।
আইপিএল বন্ধ হওয়ায় বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশে ফিরে গেছেন। তাদের ফেরানোর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাগিদ দিয়েছে বিসিসিআই। ৩০ মে’র মধ্যে আইপিএল শেষ করতে দিনে দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বাকি ১৬ ম্যাচ চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরুতে আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘আইপিএল স্থগিত হওয়ায় সময় বাড়িয়ে ৩০ মে ফাইনাল আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। বাকি ম্যাচগুলো নির্দিষ্ট কিছু ভেন্যুতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন মঙ্গলবারের মধ্যে নিজেদের ভেন্যুতে রিপোর্ট করে। নির্ধারিত সময়ে আইপিএল শেষ করার জন্য বোর্ড একদিনে দুই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

