আত্মপ্রকাশ করল জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন

আত্মপ্রকাশ করল জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হলো গত শনিবার। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে সংগঠনটির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হলেন শরিফুল আলম এবং সদস্য সচিব মনোনীত হন দেওয়ান আমিনুল হক। এ সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম), বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক, ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ক্রীড়া সংগঠক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল, ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম কাজী মহিউদ্দিন বুলবুল, হকির সাবেক অধিনায়ক সাজেদ এএ আদেল।

মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, এই সংগঠন দেশের ক্রীড়াঙ্গনকে অনেক দূর নিয়ে যাবে। খেলাধুলার শ্রীবৃদ্ধি ঘটাবে।’ নতুন সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বাদ পড়েছেন ত্যাগী ও দক্ষ সংগঠকরা। তাই ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি যে, প্রত্যেকটি জেলা ও বিভাগে যে কমিটি নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই জেলা প্রশাসকের কাছে যাবেন, যাদের দিয়ে কাজ হবে তাদের নিয়ে কমিটি পাঠাবেন। ক্রীড়াঙ্গনের যেসব জায়গায় দুর্নীতি হয়েছে যারা করেছে তাদের চিহ্নিত করুন। তাদের বিচার হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনেররও বিচার হবে।’ ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। দেশের যুবসমাজকে মাদকের রাহুগ্রাস থেকে মুক্ত করবেন। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দলগুলোকে ভালো ফল বয়ে আনতে সহায়তা করবেন- এটাই আপনাদের কাছে আমার চাওয়া।’

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন