এসে গেছে পবিত্র মাহে রমজান। সারা বছর বিশ্বের তামাম ধর্মপ্রাণ মুসলমান অপেক্ষায় থাকেন সংযমের এই মাসের জন্য। আরব বিশ্ব থেকে মধ্যপ্রাচ্য, বাংলাদেশ থেকে বিশ্বের সব প্রান্তেই চলছে এখন রোজার আমেজ। তবে বন্ধ নেই মাঠের খেলাধুলা। তাইতো রমজানের প্রভাব পড়ছে বিশ্বক্রীড়াঙ্গনেও। রমজানে ধর্মীয় বিধিনিষেধ মেনে পানাহার থেকে দূরে থাকছেন মুসলিম ফুটবলাররা। খেলোয়াড়দের ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। তাদের দেখানো পথে হেঁটেছে বেলজিয়ান প্রো লিগ কর্তৃপক্ষও।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ম্যাচগুলো মাঠে গড়ায় স্থানীয় সময় বিকালে। অনেক ম্যাচে শেষ বাঁশি বাজতে বাজতে মাঝেমধ্যেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। ইউরোপের ফুটবলে খেলা মুসলিম খেলোয়াড়রা ধর্মীয় রীতিনীতি মেনে সিয়াম সাধনা করেন। রোজা রেখেই অনুশীলন ও ম্যাচ খেলাÑ দুটো কাজই করতে হয় তাদের। অনেক সময় ম্যাচের মাঝে সময় হলেই ইফতারি সেরে নিতে হয় তাদের। তাই ইংল্যান্ড ও বেলজিয়াম ফুটবলারদের ইফতারি করার জন্য বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রমজানে সূর্যাস্তের সময় খেলা চলাকালে এফএ কাপের সব ম্যাচেই থাকবে বিশেষ বিরতি। নতুন এই নিয়ম প্রবর্তন করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখনো অবশ্য স্পেশাল কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে এফএ কাপের ম্যাচগুলোতে থাকবে স্পেশাল ‘রামাদান ব্রেক’। ইসলাম ধর্মের অনুসারী ফুটবলারদের ইফতারের জন্য সময় দিতেই এই বিশেষ বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এফএ কাপের সূচি বলছে, চলতি রমজানে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে দুটি করে ম্যাচে থাকবে এই বিরতি।
এফএ কাপের বিশেষ ‘রামাদান ব্রেক’-এ থাকবে বেলজিয়ান প্রো-লিগেও। দেশটিতে মুসলিম মাত্র ৫ শতাংশ। তারপরও দেশটিতে সূর্যাস্তের সময় চলা ম্যাচগুলোতে বাড়তি বিরতি দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। লিগের ১৪তম স্থানে থাকা ক্লাব সেইন্ট ট্রুইডেন্স ও কেভি কোর্টরির্টজের মধ্যকার ম্যাচে ছিল বিশেষ ‘রামাদান ব্রেক’। ম্যাচটির ১২ মিনিটের মাথায় খেলোয়াড়রা পেয়েছিলেন সেই বিরতি। সেই ম্যাচে সেইন্ট ট্রুইডেন্স জয় ছিনিয়ে নিয়েছে ৪-২ ব্যবধানে।
প্রতি বছরের মতো রীতি মেনে এবারো অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ‘এ’ লিগে রয়েছে ইফতারের জন্য আলাদা ব্রেক। কবছর ধরেই রমজান মাসে অস্ট্রেলিয়ার ফুটবলে নিয়ম করে রাখা হচ্ছে বিশেষ এই ব্যবস্থা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

