বাংলাদেশের আম্পায়ারদের মানোন্নয়নের জন্য সাইমন টোফেলের সঙ্গে লম্বা মেয়াদে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবি। তিন বছরের চুক্তিতে তাকে আম্পায়ারদের মানোন্নয়ন, গ্রেডিং সিস্টেম ও আম্পায়ার্স ও ম্যাচ রেফারিস এডুকেশন নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিল বিসিবি। কথা ছিল, চলতি বছরের সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন আইসিসির এলিট প্যানেলের সাবেক এই অস্ট্রেলিয়ান আম্পায়ার। তবে এখনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় কবে থেকে কাজ শুরু করবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বুলবুল ভাই দেশে ফেরার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।’ বিসিবি সূত্রে জানা গেছে, পারিশ্রমিক নিয়ে এখনো বনিবনা না হওয়ায় এই চুক্তি ঝুলে আছে। বিসিবির ওই সূত্র আমার দেশকে জানিয়েছে, বিসিবির পরিকল্পনার চেয়ে অনেক বেশি অর্থ পারিশ্রমিক হিসেবে চেয়েছেন সাইমন টোফেল। সে কারণেই এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।
তবে শেষ পর্যন্ত দর কষাকষিতে মিললে এনসিএল টি-টোয়েন্টির আগেই বিসিবির সঙ্গে কাজ শুরু করবেন সাইমন টোফেল। এ নিয়ে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা আশাবাদী বুলবুল ভাই দেশে ফিরলেই চুক্তিটি চূড়ান্ত হবে এবং এনসিএল টি-টোয়েন্টি থেকেই কাজ শুরু করবেন টোফেল।’
বিসিবির সঙ্গে সাইমন টোফেলের চূড়ান্ত হলে এনসিএল টি-টোয়েন্টিতে আম্পায়ারদের পারফরম্যান্স দেখে তিনি আম্পায়ার্স এডুকেশন পরিকল্পনা ও আম্পায়ারদের গ্রেডিং চূড়ান্ত করবেন বলেও জানা গেছে। আম্পায়াররা কীভাবে নিজেদের আরো উন্নত ও সমৃদ্ধ করবেন সেই উপায়ও বাতলে দেওয়ার কথা রয়েছে তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

