রেকর্ড গড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড

রেকর্ড গড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছিল ভারত। তাই অকল্যান্ডে চতুর্থ টি-টোয়েন্টিতে লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। কিন্তু ইডেন পার্কে ব্যাট হাতে রেকর্ড গড়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে স্বাগতিকেরা। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তুলে ভারতকে ৮৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি এত দিন ছিল ইংল্যান্ডের দখলে। চলতি বছর সাউদাম্পটনে ২৫৭ রান করেছিল তারা। শুক্রবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছায় কিউইরা।

রেকর্ড গড়ার মঞ্চে ফিলিপস ছিলেন সবচেয়ে উজ্জ্বল। মাত্র ৪৯ বলে ১০৭ রান করেন এই ব্যাটার। ৬টি চার ও ১০টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস ভারতীয় বোলারদের শুরু থেকেই চাপে রাখে। অন্য প্রান্তে ঝড় তোলেন ব্রেসওয়েল। মাত্র ২৫ বলে ৬৫ রান করেন তিনি, মেরেছেন ৪টি চার ও ৬টি ছক্কা। দুজনের ৪১ বলে ১১৫ রানের জুটি নিউজিল্যান্ডকে এনে দেয় বিশাল সংগ্রহ।

জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। প্রথম ওভারের চার বলের মধ্যে সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণকে হারায় তারা। অভিষেক শর্মা ২৭ ও শ্রেয়াস আইয়ার ২২ রান করলেও দলকে উদ্ধার করতে পারেননি। তিলক ভার্মার ৩৫ এবং নামান ধীরের ২৮ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। ৯ উইকেটে ১৭২ রানে থামে ভারতের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৫৯/৭ (ফিলিপস ১০৭, ব্রেসওয়েল ৬৫; মায়াঙ্ক ৩/৪৮)।

ভারত: ২০ ওভারে ১৭২/৯ (তিলক ৩৫, নামান ২৮; জ্যাকব ডাফি ৪/২৩)।

ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন