সিলেট টেস্টের দ্বিতীয় দিন শুরুটা দুর্দান্ত হলেও শেষটা সেরকম হয়নি বাংলাদেশের। শুক্রবার ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের তোপে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে উইন্ডিজের চেয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে টাইগাররা।
২ উইকেটে ৩৬ রান নিয়ে চা বিরতিতে যাওয়ার পর তৃতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ৫২ রান করে বাংলাদেশ। ২৯ রান করে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়। ১৯ রান নিয়ে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন মুশফিকুর রহিম।
তৃতীয় সেশনের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং হৃদয়। রান এগিয়েছে ধীরগতিতে। তবে শান্তর ধুঁকতে থাকা ইনিংস বেশিদূর এগোয়নি। শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। আউট হওয়ার আগে করেছেন ১৮ রান।
দিনের বাকিটা সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন হৃদয়-মুশফিক।
এর আগে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি উইন্ডিজ। ম্যাচে মোড় আসে নতুন বল নেয়ার পর। নতুন বলে নিজের প্রথম ওভার করতে এসেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন হাসান। প্রথমে জাঙ্গুকে ফেরান দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করে। পরের বলে আবারও ইনসুইং। রস্টন চেজের ব্যাটের ভেতরের কাণায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে।
হ্যাটট্রিকও পেতে পারতেন হাসান। হাসানের লেংথ বল ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করেন জশুয়া বিশপ, বল গিয়ে লাগে তার প্যাডে। আউটের আবেদন করতেই সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন পাকিস্তানি আম্পায়ার আসিফ ইয়াকুব। উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটার থেকে শুরু করে গ্যালারিতে থাকা দর্শকরাও। তবে বেরসিক রিভিউ সেই আনন্দের উপলক্ষ্যকে কিছুটা মলিন করেছে। রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটে লেগে তারপর পায়ে লেগেছে বিশপের।
বিশপকে অবশ্য পরে হাসানই ফিরিয়েছেন। এই উইকেটে কৃতিত্ব আছে লিটনেরও। দারুণ এক স্টাম্পিং করেছেন এই উইকেটরক্ষক। বিশপকে ফিরিয়ে ক্যারিয়ারের পঞ্চম ফাইফার তুলে নিলেন হাসান। গত মাসে আফগানিস্তানের বিপক্ষেও ফাইফার নিয়েছিলেন এই পেসার।
পরের ওভারে বোলিংয়ে এসে জাস্টিন গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। তার হাওয়ায় ভাসানো বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন গ্রিভস। ৫১ রান করে সাজঘরে ফেরেন গ্রিভস।
৩২২ রানে ৮ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ১ রান যোগ করতেই শামার জোসেফের উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দশম উইকেট জুটিতে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে উইন্ডিজ। ওই উইকেটে ৩৩ রান তুলেছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১০৭তম ওভারে জেইডন সিলসকে এলবিডব্লিউ করে শেষ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। আর তাতে উইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে মাত্র ২২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। গোড়ালি মচকে যাওয়া সাদমানের বদলে ওপেনিংয়ে আসেন নাঈম হাসান। তবে সুযোগ পেয়ে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি নাঈম। ৬ বলে ৫ রান করে ফিরেছেন স্লিপে সহজ ক্যাচ দিয়ে। তানজিদ তামিম আউট হন আক্রমণাত্মক হতে গিয়ে। গ্রিভসের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ। পয়েন্টে ডান দিকে শূন্যে লাফিয়ে দুই হাত বাড়িয়ে বলটি তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম। ১৬ রান করে ফেরেন তানজিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

