ভারতের বিপক্ষে ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ হলেই অন্যরকম আমেজ ছড়ায়। সবার মাঝে উত্তেজনা কাজ করে। এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে থাকেন দেশের ক্রীড়াপ্রেমীরাও। সামনে আবারও বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ের মাঠে দুদল খেলবে। সর্বশেষ ২০১৯ সালে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়াম মাতিয়েছিলেন জামাল ভূঁইয়ারা। ভারতের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তুমুল লড়াই শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে তারা। এই রকম বারুদ ছড়ানো ম্যাচ আবারও উপহার দিতে চায় দেশের ফুটবলাররা। ভারত ম্যাচ সামনে রেখে গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সবাই এই ম্যাচ খেলতে চায়। টিমে যারা নেই, তারাও খেলতে চায়। ২০১৯ সালে ভারতের বিপক্ষে আমরা খেলেছি। আমি একই রকম খেলা চাই। তিন পয়েন্ট নিতে চাই।’
বাংলাদেশ দলে অনেক শক্তিশালী হতে যাচ্ছে। কারণ দলে যোগ দিচ্ছেন ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। হামজা দলে যোগ দেওয়া শক্তি বেড়েছে বলে মনে করেন জামাল। তিনি বলেন, ‘আমরা ভালো আশা করি। কারণ আমরা যদি তুলনা করি ভারতের খেলোয়াড়ের সঙ্গে তাহলে বেশি পার্থক্য দেখি না। আমরা ইতিবাচক ফল আশা করি। এই দলে হামজা সেরা খেলোয়াড়। আমি মনে করি, দক্ষিণ এশিয়ায় সেরা খেলোয়াড় সে। তাই হামজা আসলে দল দারুণ উজ্জীবিত হবে।’ আরেক প্রবাসী ইতালি থেকে আসছেন ফাহমেদুল আহমেদ। এ প্রবাসী প্রসঙ্গে জামাল বলেন, ‘মানিয়ে নিতে হবে তাকে (দলের সঙ্গে)। আসলেই আমি তাকে চিনি না। তাই এত তথ্য দিতে পারি না। কোচ ফাহিমকে বাছাই করেছে। সে ভালো খেলোয়াড়। তিনি আগে বুঝতে পারবেন, তারপর আমরা বুঝব।’ আরো প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসার বিষয়টি বেশ ইতিবাচক হিসেবে নিচ্ছেন জামাল। তিনি বলেন, ‘এটা ইতিবাচক দিক। সারা বিশ্বে অনেক খেলোয়াড় আছে। যারা বাংলাদেশে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চায়। আমি চাই আরো আসলে ভালো। আপনি যদি দেখেন ফ্রান্সের টিম, তারা তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে। আমি চাই একই রকমের।’
এদিকে, বাংলাদেশ দলের কোচ সার্বক্ষণিক প্রবাসী দুই ফুটবলার হামজা ও ফাহমেদুলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাদের খোঁজখবর নিচ্ছেন। এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি। আমি তার সঙ্গে যোগাযোগ রাখছি। তার আপডেট রাখছি। ফাহমেদুলের সঙ্গেও। সে জেদ্দায় দলের সঙ্গে যোগ দেবে। ৭-৮ দিন দলের সঙ্গে থাকবে। আশা করি, সে খেলার জন্য প্রস্তুত হতে পারবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

