বিশ্বকাপের মঞ্চে লুকা জিদান

কালো মাস্কের আড়ালে অদম্য ফেরার গল্প

স্পোর্টস রিপোর্টার

কালো মাস্কের আড়ালে অদম্য ফেরার গল্প

ফুটবল বিশ্বকাপ মানেই যেমন মাঠের উত্তেজনা, তেমনই মাঠের বাইরে লুকিয়ে থাকা হরেক রকম গল্প। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার ম্যাচে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের মুখের কালো ফেস মাস্ক। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে ২৮ বছর বয়সী লুকা কেন এই বিশেষ মুখোশ পরে খেললেন, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

লুকার এই মাস্ক পরার পেছনে রয়েছে একটি ভয়াবহ চোটের ইতিহাস। চলতি বছরের এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে আলমেরিয়ার বিপক্ষে খেলার সময় এক মারাত্মক সংঘর্ষের শিকার হয়েছিলেন। দুর্ঘটনায় তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়, পাশাপাশি তিনি গুরুতর কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) ভোগেন। সফল অস্ত্রোপচারের পর মৌসুমের বাকি সময়টা তাকে মাঠের বাইরে কাটাতে হয়। দীর্ঘ পুনর্বাসন শেষে সময়মতো সুস্থ হয়ে বিশ্বকাপে ডাক পেলেও, চিকিৎসকদের কড়া পরামর্শে মুখের সুরক্ষায় এই শক্ত কালো মাস্ক ব্যবহার করছেন, যা নতুন করে আঘাত পাওয়ার ঝুঁকি কমায়। চোটের ভয় কাটিয়ে লুকা নিজেই জানিয়েছেন, এখন পুরোপুরি ব্যথামুক্ত তিনি এবং মাঠে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত।

ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও, বাবার মতো ফ্রান্সের মূল দলের হয়ে খেলেননি লুকা। পিতৃসূত্রে দাদা-দাদির দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। মায়ের সূত্রে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি বেছে নিয়েছেন আলজেরিয়াকে।

আপাতত তার আন্তর্জাতিক পরিচয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই কালো ফেস মাস্ক। গুরুতর চোট কাটিয়ে বিশ্বকাপের মতো মহামঞ্চে লুকা জিদানের এই ফিরে আসা কেবল ফুটবলীয় দক্ষতার পরিচয় দেয় না, বরং তা খেলোয়াড়ি চেতনা ও অদম্য মানসিক শক্তির এক অনন্য স্মারক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...