সান্তোসে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন নেইমার। সেটা হচ্ছেন খুব দ্রুতই। কেননা ব্রাজিলিয়ান তারকার চুক্তির মেয়াদ শেষের দিকে। বাল্যকালের ক্লাবটিতেই থাকছেন নাকি ঘাঁটি গাড়বেন নতুন কোনো ক্লাবে। এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি সান্তোসের এ প্রাণ ভোমরা।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। লাইপজিগের বিপক্ষে প্রথমার্ধে মাঠে নামেন এ স্টার ফরোয়ার্ড। জার্মানির দলটির কাছে ৩-১ গোলে হারের পর নেইমারকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে জানাবেন জুনের মাঝামাঝিতে, ‘এখনো জানি না। এ নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেব না। আগেই বলে রেখেছি, জানি না। কারণ এখনও এ নিয়ে চিন্তা করছি। তিন দিন বাদে ফের এ ব্যাপারে জিজ্ঞাসা করার কোনো মানে হয় না। কারণ উত্তর একই থাকবে। আমি শুধু এতটুকু বলতে পারি, ১২ জুনের পর সিদ্ধান্ত ঠিক করবো।’
সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে জন্মভূমিতে ফেরেন নেইমার। এ ফুটবল সুপারস্টার পাঁচ মাসের জন্য নাম লেখান সান্তোসে। আগামী ৩০ জুন ফুরোবে সেই চুক্তির মেয়াদ। জুলাইয়ের শুরু থেকে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছরের এ তারকা স্ট্রাইকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

