ভাগ্য নির্ধারণী ম্যাচে স্পেনের সামনে উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার

ভাগ্য নির্ধারণী ম্যাচে স্পেনের সামনে উরুগুয়ে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের নাটকীয়তা এখন তুঙ্গে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচ ডে-তে আগামীকাল শনিবার ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। শেষ ৩২ পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুদলের সামনে রয়েছে সমীকরণের নানা হিসাব-নিকাশ। এ কারণে এ ম্যাচটি হাইভোল্টেজ এক লড়াই তাদের জন্য।

বর্তমানে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষস্থানে রয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে ড্র করে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। ফলে সরাসরি নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে এই গ্রুপ থেকে এখনো তিনটি দলেরই সমান সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ফিফা র‌্যাংকিংয়ের তৃতীয় সেরা দল স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কেপ ভার্দের বিপক্ষে একটি হতাশাজনক গোলশূন্য ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই তারা চেনা ছন্দে ফেরে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয় লা রোজা শিবির। ওই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল আর জালের দেখা পান বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল।

র‌্যাংকিংয়ের ১৮তম দল উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে স্পেন যদি জয় পায়, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। এমনকি একটি ড্রও তাদের নকআউট পর্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে, যদি না অন্য ম্যাচে কেপ ভার্দে সৌদি আরবকে পাঁচ বা তার বেশি গোলের ব্যবধানে হারাতে পারে। তবে লুইস দে লা ফুয়েন্তে কোনোরকম ভাগ্যের ওপর নির্ভর না করে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েই মাঠ ছাড়তে চাইবেন।

বিপরীত দিকে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এ ম্যাচটি টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ এবং দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে বেশ চাপে রয়েছে ‘দ্য স্কাই ব্লুজ’। তারা যদি স্পেনকে হারাতে পারে এবং অন্য ম্যাচে কেপ ভার্দে যদি সৌদি আরবের বিরুদ্ধে জিততে ব্যর্থ হয়, তবে উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ পা রাখবে। তবে হারলে বা ড্র করলে তাদের বিদায়ঘণ্টাও বেজে যেতে পারে। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবারও তেমন পরিস্থিতির সম্মুখীন হতে চায় না বিয়েলসার শিষ্যরা।

উরুগুয়ে দল বড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং মিডফিল্ডার জর্জিয়ান ডি আরাস্কায়েতার ইনজুরিতে। কাফ ইনজুরির কারণে তারা এ ম্যাচে খেলতে পারবেন না। তবে আক্রমণভাগে বড় পরিবর্তন আসতে পারে। ফেদেরিকো ভিনাসের পরিবর্তে শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড বা ‘নাম্বার নাইন’ হিসেবে দেখা যেতে পারে ডারউইন নুনিয়াসকে। তাকে সহায়তার জন্য দুই উইঙ্গে থাকবেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা অগুস্তিন কানোবিও এবং মাক্সি আরাউহো।

স্পেনের ভিক্টর মুনোজ এখনো পুরোপুরি ফিট নন। তবে দুর্দান্ত ফর্মে থাকা লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল একাদশে থাকছেন। মাঝমাঠে ফ্যাবিয়ান রুইজের জায়গায় দানি ওলমো নিজের জায়গা ধরে রাখতে পারেন। এছাড়া উইংয়ে গতি বাড়াতে অ্যালেক্স বায়ানার পরিবর্তে টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেতে পারেন অ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।

ঐতিহাসিকভাবে উরুগুয়ের বিপক্ষে স্পেনের রেকর্ড বেশ ভালো। দুদলের মধ্যকার বিগত ১০ লড়াইয়ের মধ্যে স্পেন পাঁচটিতে জয় পেয়েছে এবং বাকি পাঁচটি ড্র হয়েছে। ১৯৯০ সালের বিশ্বকাপেও তাদের মধ্যকার একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপের পর এ দুদল আর মুখোমুখি হয়নি। উরুগুয়ের বিপক্ষে শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে লা রোজারা।

গুয়াদালাহারার এই মহারণে একদিকে থাকবে স্পেনের পাসিং ফুটবল; অন্যদিকে উরুগুয়ের চিরচেনা আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল। ফুটবলপ্রেমীরা তাই গ্রুপ ‘এইচ’-এর চূড়ান্ত দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ফিফা র‌্যাংকিংয়ে অবস্থান

স্পেন ৩

উরুগুয়ে ১৮

মুখোমুখি লড়াই ১০ ম্যাচ

স্পেনের জয় ৫

উরুগুয়ের জয় ০

ড্র ৫

বিশ্বকাপে মুখোমুখি এক ম্যাচ

ফল : গোলশূন্য ড্র

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...