দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই, নিরাপদ ও আস্থাশীল করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি খাত, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি ও বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ দ্রুত একটি প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবন, আর্থিক লেনদেন, শিক্ষা, গণমাধ্যম এবং ব্যবসা-বাণিজ্য এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল প্রযুক্তিনির্ভর। তবে এই রূপান্তরের সঙ্গে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে।
তিনি বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার ওপর মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ও ডিজিটাল অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে। তাই একটি কার্যকর জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং দায়িত্বশীল ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাইবার নিরাপত্তায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু প্রযুক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিষয় নয়, বরং নাগরিকদের সচেতনতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও গুজব সম্পর্কে জনগণকে সচেতন করা না গেলে ডিজিটাল রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফিনিক্স সামিট-২০২৬’ জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ধরনের দূরদর্শী উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যাডোসার্ভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিওত্র কিজেউস্কি।
অনুষ্ঠানে এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজনের জন্য ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা এবং প্রতিষ্ঠানটির কৌশল ও রূপান্তরবিষয়ক উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তিবিদ, সরকারি ও বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, সাইবার ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

