পশ্চিম সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্ক বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার ভেটখালী বাজার চত্বরে নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার শত শত জেলে ও বাওয়ালি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণসহ বনজ সম্পদ সংগ্রহ করে এখানকার হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে জেলে-বাওয়ালিরা এখন সুন্দরবনে যেতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পরিবারগুলো গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
বক্তারা আরও বলেন, জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া জেলেদের জীবন নিরাপদ না থাকলে উপকূলীয় মানুষের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই সুন্দরবনকে স্থায়ীভাবে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও জোরালো অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ, নির্বিঘ্নে মাছ-কাঁকড়া আহরণ এবং জীবন-জীবিকার পূর্ণ নিরাপত্তা দাবি করেন। বক্তারা বলেন, সুন্দরবন শুধু বনজ সম্পদের আধারই নয়, উপকূলীয় মানুষের বেঁচে থাকার প্রধান সম্বল। তাই বন রক্ষার পাশাপাশি বননির্ভর এই মানুষগুলোর জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নাগরিক সমাজের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহিদুজ্জামান সহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলম, রমজাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং রমজাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন।
সাধারণ জেলেদের পক্ষে বক্তব্য দেন সফিকুল ইসলাম ও আব্দুল গনি (টাইগার গনি)।
মানববন্ধন চলাকালে ‘মুক্তিপণের আতঙ্ক বন্ধ করো’, ‘ভয় নয়, নিরাপত্তা চাই’, ‘দস্যুমুক্ত সুন্দরবন চাই’ এবং ‘জেলে-বনজীবীদের নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভেটখালী বাজার এলাকা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9c5531-720x405.webp)