পিপিবি এক্সপোতে গ্র্যান্ড উইনার ঈশ্বরদীর আমির হামজা

পিপিবি এক্সপোতে গ্র্যান্ড উইনার ঈশ্বরদীর আমির হামজা

দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ পেশাদার ফটোগ্রাফারের অংশগ্রহণে আয়োজিত ‘পিপিবি এক্সপো ২০২৬’-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর আমির হামজা সাগর। একই প্রতিযোগিতায় তিনি ওয়েডিং ফটোগ্রাফি বিভাগেও প্রথম স্থান অর্জন করেছেন।

বিজ্ঞাপন

গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাগরের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব বাংলাদেশ (পিপিবি)’ নামের একটি প্ল্যাটফর্ম এই এক্সপোর আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় ১৪টি ক্যাটাগরিতে প্রায় সাড়ে তিন হাজার ছবি জমা পড়েছিল। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অর্জনের পাশাপাশি সব ক্যাটাগরির প্রতিযোগীদের ছবির মধ্যে সাগরের তোলা ছবিটি সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। এর স্বীকৃতিস্বরূপ তাকে এক্সপোর সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড উইনার’ পুরস্কার প্রদান করা হয়।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী জনসন উই, নিক প্যাক্রেডিস ও কেদাজি। তাদের পাশাপাশি বাংলাদেশের কয়েকজন স্বনামধন্য জ্যেষ্ঠ আলোকচিত্রীও বিচারক প্যানেলে যুক্ত ছিলেন।

আমির হামজা সাগর ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। প্রায় নয় বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানে ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন এবং বর্তমানে সেখানে সিনিয়র ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিপ্লোমা সম্পন্ন করার পর প্রচলিত পেশায় না গিয়ে নিজের ভালো লাগা ও আগ্রহের জায়গা থেকে মিউজিক ও ফটোগ্রাফিকে বেছে নেন সাগর। ছবি তোলার প্রতি দীর্ঘদিনের আবেগ থেকেই তার এই আলোকচিত্র অঙ্গনে পথচলা শুরু হয়। বিশেষ করে বিবাহ উৎসবের স্মরণীয় মুহূর্তগুলোকে নান্দনিক ভঙ্গিমায় ক্যামেরায় ধারণ করতে গিয়ে তিনি ধীরে ধীরে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করেছেন।

নিজের এই বিশাল অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আমির হামজা সাগর বলেন, আন্তর্জাতিক মানের এত গুণী বিচারকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও পরম অনুপ্রেরণার। এই সম্মাননা তার ভবিষ্যৎ কর্মজীবনে আরও ভালো কাজ করার আত্মবিশ্বাস জোগাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...