রংপুরের পীরগঞ্জে নানার সঙ্গে হাটে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মাসুম বিল্লাহ তার নানার সঙ্গে নানির বাড়ি সন্দোলপুর থেকে নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে চতরা হাটের চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে এই দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ‘ঘটনাটি আমার এখনো জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
—এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

