গণভোটে জনগণের দেওয়া রায়ের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পয়েন্টে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়, ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে। আজকের লংমার্চে যেভাবে আপনারা সংহতি প্রকাশ করেছেন, আগামী দিনে গণভোটের রায় বাস্তবায়নের এক দফা দাবিতে ঢাকার রাজপথে সমবেত হওয়ার আহ্বান জানানো হলে সেভাবেই প্রস্তুত থাকবেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ চূড়ান্তভাবে সরকারকে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, সময়মতো ডাক আসবে। ইনশাআল্লাহ, সারাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে ১১ দলের অন্য নেতারাও বক্তব্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


