মুসলিম কারাভান ফেস্ট

মুসলিম কারাভান ফেস্ট

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে ইসলামি কাফেলার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত একটি হেরিটেজ ট্রেইলে বিশেষ ইন্টার‌্যাকটিভ আয়োজন শুরু হয়েছে। কাফেলার দীর্ঘ যাত্রা এবং সেই যাত্রাপথে জ্ঞান, মূল্যবোধ ও গল্পের আদান-প্রদানের ইতিহাসকে জীবন্ত করে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর জানিয়েছে আশশারক আল-আওসাত।

আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্যকে শিক্ষা, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে ইন্টার‌্যাকটিভ আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এতে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আয়োজনটি চলবে ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। এ সময়ে দর্শনার্থীরা যুগে যুগে কাফেলাগুলোর বহন করা মানবিক মূল্যবোধ, বৈচিত্র্যময় জ্ঞান ও বংশপরম্পরায় চলে আসা গল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। গল্প বলা, ইন্টার‌্যাকটিভ দৃশ্যায়ন এবং ঐতিহ্যবাহী বাজার থেকে অনুপ্রাণিত বাণিজ্যিক কার্যক্রমের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন।

কাফেলার সামাজিক ও বাণিজ্যিক জীবনের সঙ্গে দর্শনার্থীদের সম্পৃক্ত করতে এতে রাখা হয়েছে একাধিক অনুষঙ্গ।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ‘গল্পকথকের মজলিশ’। এখানে ঐতিহাসিক কাহিনি ও কবিতা পরিবেশন করা হয়। এতে দর্শকদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী আরব মজলিশের পরিবেশ নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। একসময় এসব মজলিশ ছিল খবর, গল্প ও কবিতা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সেই ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয় এ আয়োজন।

এতে আরো রয়েছে ঐতিহ্যবাহী ইসলামি কাফেলা-বাজারের আদলে তৈরি স্টল। সেখানে দর্শনার্থীরা হাতে-কলমে পণ্য ওজন করা, বিনিময়প্রথায় লেনদেন এবং কেনাকাটার অভিজ্ঞতা নিতে পারেন। শুধু কেনাবেচাই নয়, পুরোনো বাজারের দৈনন্দিন জীবন এবং ব্যবসায়ী, পর্যটক ও কারিগরদের পারস্পরিক যোগাযোগের নানা চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পরিবেশনা ও দৃশ্যায়নে। দর্শনার্থীরা সেসব উপভোগ করতে পারছেন।

আয়োজকরা জানিয়েছেন, বিচিত্র কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক ও পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। মক্কায় আসা দর্শনার্থীদের ভ্রমণকে সমৃদ্ধ করার পাশাপাশি এলাকাটির ইতিহাস ও সভ্যতাগত ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ গভীর করাই এর লক্ষ্য। প্রামাণ্যতা ও আধুনিকতার সমন্বয়ে সাজানো বিষয়বস্তুর মাধ্যমে এ লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে।

গ্রন্থনা : সিয়াম আন নুফাইস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন