চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। পাকিস্তান সফরের শেষে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। এ সফরে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ১৭ জুন থেকে শুরু হবে এই সিরিজ। এই সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। এর আগে ২০২১ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর ২০১৭ সালে বাংলাদেশ দল সবশেষ শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল। দুই দল সবশেষবার পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়েছিল ২০২৪ সালে। সেবার বাংলাদেশের মাটিতে খেলতে এসেছিল লঙ্কানরা।
আগামী ১৭ জুন গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। সিরিজের দ্বিতীয় টেস্টে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ শুরু হবে আগামী ২৫ মার্চ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২ জুলাই। সিরিজের বাকি দুই ওয়ানডে ৫ ও ৮ জুলাই। এ দুই ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ও পাল্লেকেলে। আগামী ১০ জুলাই থেকে পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ১৩ ও ১৬ জুলাই। বর্তমানে কার্যকর ভবিষ্যত সফরসূচি অনুযায়ী বিদেশের মাটিতে এটাই হবে চলতি বছরে বাংলাদেশ দলের সবশেষ দ্বিপাক্ষিক সফর। চলতি বছরের বাকি সিরিজগুলো নিজেদের ঘরের মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা।
সফরসূচি
১৭-২১ জুন: প্রথম টেস্ট, গল
২৫-২৯ জুন: দ্বিতীয় টেস্ট, কলম্বো
২ জুলাই: প্রথম ওয়ানডে, কলম্বো
৫ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, কলম্বো
৮ জুলাই: তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে
১০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, পাল্লেকেলে
১৩ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডাম্বুলা
১৬ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, কলম্বো
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

