ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাত

এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল

এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল

ভারত ও পাকিস্তান সীমান্তে সংঘাত শুরু হওয়ায় স্থগিত করা হয়েছে আইপিএল। নিরাপত্তাহীনতার শঙ্কায় টুর্নামেন্টের সব খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে আইপিএলের এখনও ১২টি খেলা বাকি। ম্যাচগুলো হওয়ার কথা ছিল লক্ষ্ণৌ (২), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২), মুম্বাই ও জয়পুরে। হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লেঅফের খেলা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এক বিবৃতিতে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিজ্ঞাপন

আইপিএলের সব ভেন্যুই এখন নিরাপদ। তবে ভারতবাসীর অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল খেলা স্থগিত হয়েছে। ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিলের পর জরুরি বৈঠকে এ সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিল আইপিএল পরিচালনা পরিষদ।

নিরাপত্তাহীনতার শঙ্কায় পাকিস্তান থেকে সরে নেয়া হয়েছে পিএসএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এখন হবে সংযুক্ত আমিরাতে। একই চিত্র ভারতের মাটিতেও। নিরাপত্তা আশঙ্কা দেখা দিয়েছে আইপিএলে। দুই চিরবৈরী প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ায় ভয় কাজ করছে দুদেশের সবার মধ্যে।

ভারত নিয়ন্ত্রিত জম্বুতে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে পাকিস্তান। এ কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝ পথে বাতিল করেছে আইপিএল কর্তৃপক্ষ। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও টিভি ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দর্শকদের নিরাপদে চলে যেতে অনুরোধ করা হয়। ভেন্যু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ফ্লাড লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছিলেন।

এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের মনে। তারা এখন ভারতের মাটিতে নিজেদের নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব তারা দেশে ফিরতে চান। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এর আগে অবশ্য পিটিআইকে দেওয়া সাক্ষ্যৎকারে আইপিএল চেয়ারম্যান অরুন ধমাল বলেছিলেন, ‘আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি। এটা পরিবর্তনশীল। সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা পাইনি। অবশ্যই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে। পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ৯৫০ কিলোমিটার দূরে হওয়ায় লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামকে নিরাপদ মনে করছিলেন সবাই।

তবে অরুণ ধুমাল এও বলে রেখেছিলেন, পরিস্থিতি বদলে যেতে পারে যে কোনো সময়, ‘হ্যাঁ, এখন পর্যন্ত (লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচের সূচি) ঠিকঠাক আছে। তবে আমি আবারও বলছি, পরিস্থিতি বদলে যেতে পারে। সংশ্লিষ্ট সবার সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন