আকবর-রাকিবুলের দৃঢ়তায় জিতল বাংলাদেশ ইমার্জিং

আকবর-রাকিবুলের দৃঢ়তায় জিতল বাংলাদেশ ইমার্জিং

শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ৩ উইকেটে ২৭ রান। মনে হচ্ছিল, শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হবে। তবে ৪৯ ওভারে সেই সমীকরণই সহজ করে দেন স্পিনার রাকিবুল হাসান। তিন ছক্কায় ২০ রান তুলে বাংলাদেশের জয়ের পথ অনেকটা সহজ করে দেন তিনি। তাতে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ৭ রান। দুই বল বাকি থাকতে জয় নিশ্চিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে, মাহফিজুল ইসলাম রবিনের ৮৭ রান ছাড়া টপ ও মিডল অর্ডারে বাংলাদেশ পায়নি কোনো সাফল্য। যাদের নিয়ে খুব আলোচনা সেই আরিফুল ইসলাম, আহরার আমিনরা ছিলেন ব্যর্থতার ঘোরটোপে বন্দি। এমনকি জিসান আলমও বড় করতে পারেননি তার ইনিংস। আরিফুল ৬৮ বলে ৩৬, আহরার আমিন ২১ বলে ৮ ও জিসান ২৭ বলে করেন ৩১ রান। তাতে ২৩০ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে বিপদে। সেখান থেকে দলকে টেনে তোলেন কাপ্তান আকবর আলী। ২৪ বলে খেলেন ৪১ রানের ঝোড়ো ইনিংস। এ ছাড়া তোফায়েল আহমেদ ২০ বলে ২৪ ও রাকিবুল হাসান ১০ বলে করেন ২৪ রান। আন্দিলে চার্লস মোগাকেন ৪১ রানে নেন দুই উইকেট।

বিজ্ঞাপন

এর আগে দক্ষিণ আফ্রিকা কন্নর বয়েড ইস্টারহুইজেন ও অ্যান্ডিল অস্টিন সিমেলেনের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩০১ রানের সংগ্রহ পায়। ইস্টারহুইজেনের ব্যাটে ৭১ ও সিমেলেন করেন ৬১ রান। এ ছাড়া ডেওয়ান মারাইসের ৩১ ও টিয়ান মিচেল ফন ভুরেন করেন ২৬ রান। বাংলাদেশের হয়ে ৮৪ রানে তিন উইকেট রিপন মন্ডল। এ ছাড়া আহরার আমিন পিয়ান দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা- ৩০১/৮, ৫০ ওভার (ইস্টারহুইজেন ৭১, সিমেলেন ৬১, রিপন ৩/৮৪)

বাংলাদেশ- ৩০২/৭, ৪৯.৪ ওভার (মাহফিজুল ৮৭, আকবর ৪১, মোগাকেন ২/৪১)

ফল- বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন