ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই ঐতিহ্যবাহী মোহামেডানের মুখোমুখি নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষের চেয়ে নামের ভারে যেমন পিছিয়ে, তেমনি শক্তিমত্তাতেও পিছিয়ে দলটি। তবে শক্তি সামর্থ্যের ভিড়ে এগিয়ে থাকা মোহামেডানের বিপক্ষে চমক দেখিয়েছেন গুলশানের দুই তরুণ জাওয়াদ আবরার ও ইফতেখার হোসেন ইফতি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ইফতি আর জাওয়াদের ব্যাটে এসেছে ৭৫ রান।
মোহামেডানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে গুলশান। দলটি ওই ধাক্কা কাটিয়ে ওঠে জাওয়াদ আবরার ও ইফতির ব্যাটে ভর করে। দুজনের ৮৩ রানের জুটিতে ভর করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়। জাওয়াদের ব্যাটে আসে ৮৬ বলে ৭৫ রানের ইনিংস। তার এই ইনিংসে ছিল চার চার ও পাঁচ ছক্কা।
তার বিদায়ের পর থামেননি ইফতেখার হোসেন ইফতি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ব্যাটে আসে ১১০ বলে ১০৮ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে ৯ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছেন ইফতি। এ ছাড়া হাবিবু শেখ মুন্নার ব্যাটে ৪৭ রানের ইনিংস।
এই তিন তরুণ তুর্কির দারুণ ব্যাটিংয়ে মোহামেডানের বিপক্ষে ২৯৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গুলশান ক্রিকেট ক্লাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

