কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন চেলসি

কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন চেলসি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে চেলসি দুবার। মহাদেশীয় ক্লাব আসরের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগের শ্রেষ্ঠত্বের স্বাদও পেয়েছে তারা দুবার। এবার ইউরোপের ক্লাব ফুটবলের তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগের মুকুটও বসল দ্য ব্লুজ শিবিরের মাথার ওপর। উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে বুধবার রাতে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।


প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তিনটি ট্রফি নিজেদের শোকেসে জায়গা করে দিয়ে ইতিহাস গড়েছে চেলসি। কাপ উইনার্স কাপও জিতেছে তারা দুবার। যদিও ২৫ বছর আগে বিলুপ্ত হয়েছে এই টুর্নামেন্ট। উয়েফা সুপার কাপ জয়ের স্বাদও তারা পেয়েছে দুবার। এই পাঁচটি টুর্নামেন্টে সেরা হওয়ার রেকর্ডও একমাত্র তাদের দখলে।


পুরো ম্যাচের চিত্রনাট্য অবশ্য উঠে আসেনি স্কোরলাইনে। মনে হতেই পারে পুরো ম্যাচটি ছিল একপেশে। কিন্তু বাস্তব চিত্রটা ছিল অন্য রকম। লড়াইয়ের নবম মিনিটেই লিড নিয়ে ফেলেছিল রিয়াল বেতিস। ব্যবধানটা তারা অটুট রেখেছিল ৬৫ মিনিট পর্যন্ত। এরপর এনজো ফার্নান্দেসের গোলে স্কোর লেভেল করে চেলসি। পাঁচ মিনিট বাদে ইংলিশ ক্লাবটি এবার এগিয়ে যায় নিকোলাস জনসনের গোলে।

লড়াইয়ের ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন জেডন স্যানচো। ইনজুরি টাইমে মোইসেস কাইসেদোর গোল চেলসির জয়ের সিল এঁকে দেয়।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন