১০ ওভার, ৫০ ডট, ৪ উইকেট- বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলামের বোলিং ফিগার এটি। তার দারুণ বোলিংয়ে মাত্র ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের প্রথম ৬ ব্যাটারের কেউ পার করতে পারেননি সিঙ্গেল ডিজিট। তাতে ২১৭ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
শক্তিমত্তার বিচারে গাজীর চেয়ে অনেকটা এগিয়ে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে এমন একপেশে ম্যাচ হবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। আগে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৪ রান যোগ করতে ৬ উইকেট হারিয়ে বসে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। তখন মনে হচ্ছিল, হয়তো লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বনিম্ন রানের রেকর্ডটা নিজেদের করে নিবে দলটি।
তবে ৭ম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করে সেই লজ্জ্বা থেকে বাঁচান তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকী। তোফায়েল ২৪ ও ওয়াসির ব্যাটে আসে ১৮ রান। এ ছাড়া ২৬ রান আসে আব্দুল গফফার সাকলাইনের ব্যাটে। তাতে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩৮.৫ ওভারে ৯৩ রান। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে শরিফুল ১৪ রানে ৪টি, তানভীর ইসলাম ২৩ রানে নেন তিন উইকেট।
৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ১০ উইকেটের জয় পায় রূপগঞ্জ। সাইফ ৩৮ বলে ২৭ ও তামিম ৪৬ বলে করেন ৬৫ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

