অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের জয়কে নিজেদের বিশ্বাস ও দলীয় পারফরম্যান্সের ফল হিসেবে দেখছেন ম্যাচের অন্যতম পারফর্মার মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, বিশ্বমানের অস্ট্রেলিয়াকে হারানোর আগে সবচেয়ে বড় শক্তি ছিল নিজেদের ওপর বিশ্বাস রাখা।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমাদের ক্রিকেটটা অসাধারণ হয়েছে। অনেক দিন পর আমরা এখানে এসেছি। পুরো দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আমরা আমাদের চরিত্র দেখিয়েছি।’
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের আগে দলের বার্তা কী ছিল, সেটিও জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল। অস্ট্রেলিয়া বিশ্বমানের দল এবং তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা জানতাম, তাদের হারাতে পারলে সেটা আমাদের দেশের জন্য অনেক বড় কিছু হবে। আমাদের শুধু একটাই বার্তা ছিল যে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে এটা সম্ভব নয়।’
প্রস্তুতি ম্যাচে নিজের সেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে মিরাজ দলের বিশ্বাসের কথাই তুলে ধরেন। পাশাপাশি পরের টেস্টে কন্ডিশন বুঝে সেভাবেই পারফর্ম করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং লোয়ার অর্ডারের সঙ্গে নিজের জুটির কথাও উল্লেখ করেন মিরাজ।
‘তানজিদ প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনুল খুব ভালো করেছে। এরপর লোয়ার অর্ডারের সঙ্গে আমার যে দারুণ জুটি হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ ছিল। তারা যদি আউট হয়ে যেত, আমি আমার রান করতে পারতাম না। তারা উইকেটে ছিল বলেই আমি রান করতে পেরেছি।’- আরও বলেন তিনি।
লোয়ার অর্ডারের ব্যাটারদের নির্ভয়ে ব্যাট করার পরামর্শ দিয়েছিলেন মিরাজ। তাঁর ভাষায়, ‘আমি তাদের বলেছিলাম, কে বোলিং করছে সেটা নিয়ে চিন্তা করো না।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেরও প্রশংসা করেছেন মিরাজ। তিনি বলেন, ‘সে খুব ভালো অধিনায়ক। সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নেয়।’
বোলিংয়েও পুরো দলের অবদানের কথা তুলে ধরেন মিরাজ। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে স্পিনারদের ছয় উইকেট নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উইকেটে তৈরি হওয়া ফুটমার্কও স্পিনারদের সহায়তা করেছে।
অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পর দেশের মানুষের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন মিরাজ। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি সবাই খুব খুশি। তারা খুব গর্বিত। এটা গর্বের মুহূর্ত। অনেক দর্শক মাঠে এসেছেন এবং আমাদের সমর্থন করেছেন। তাদের ধন্যবাদ। তারা বিশ্বাস করেছিল আমরা ম্যাচটি জিতব, আর সেই বিশ্বাস থেকেই আমরা জিতেছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-33a153.jpg)