ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বড় আয়োজনের প্রীতি ম্যাচ খেলিয়ে এবার আর্থিক সংকটে পড়েছে ভারতীয় ফুটবল। দুই দক্ষিণ আমেরিকান দেশকে এখনো পুরোপুরি ম্যাচ ফি পরিশোধ করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বকেয়া মেটাতে নিজেদের স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েও আপাতত সদস্যদের সমর্থন পায়নি সংস্থাটি। ফলে, পাওনা পরিশোধের সময় বাড়ানোর আবেদন করেছে এআইএফএফ।

গত মাসে কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করে এআইএফএফ। এর আগে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও খেলেছিল ভারত। তবে তিন ম্যাচের আয়োজন থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় এখন বিপাকে পড়েছে ফেডারেশন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত তাদের প্রাপ্য ম্যাচ ফির প্রায় অর্ধেক পেয়েছে। ব্রাজিলের আনুমানিক ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের ৪ কোটি ৭০ লাখ রুপি বকেয়া রয়েছে। পানামার পাওনা অবশ্য পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই অর্থ জোগাড় করতে ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত মেয়াদপূর্তির আগেই ভাঙার প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সাধারণ পরিষদের সদস্যরা তাতে আপত্তি জানান। তাদের যুক্তি, জরুরি পরিস্থিতি ছাড়া এই তহবিল ব্যবহার করা উচিত নয়। পরে বিষয়টি পর্যালোচনায় সহসভাপতি এনএ হারিসের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

টিকিট বিক্রি থেকে ৩০-৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল এআইএফএফ। কিন্তু চড়া দাম ও প্রত্যাশার তুলনায় কম বিক্রির কারণে সেই লক্ষ্য পূরণ হয়নি। এমনকি ব্রাজিল ম্যাচে টিকিটের সঙ্গে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফারও দিতে হয়েছে। টিকিটিং পার্টনারের কাছ থেকে নেওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একাংশ ফেরত দেওয়ার চাপও তৈরি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন