নিজের ২৫তম জন্মদিনটি এভাবে কাটবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ইগা সোয়াটেক। ফরাসি ওপেনের (রোলাঁ গারো) চারবারের চ্যাম্পিয়ন ও ক্লে কোর্টের অঘোষিত রানি সোয়াটেক চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। পোলিশ এই তারকাকে সরাসরি সেটে স্তব্ধ করে দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইউক্রেনের মার্তা কোস্তিয়ুক।
ম্যাচের শুরু থেকেই পারফরম্যান্সের ধারাবাহিকতাহীনতায় ভুগছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই সোয়াটেক। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন ১৫তম বাছাই কোস্তিয়ুক। প্রথম সেটে কিছুটা লড়াই হলেও দ্বিতীয় সেটে পোলিশ তারকাকে কোনো পাত্তাই দেননি তিনি। শেষ পর্যন্ত ৭-৫, ৬-১ ব্যবধানের সহজ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন কোস্তিয়ুক।
রোলাঁ গারোর লাল মাটিতে চারবার শিরোপা জেতায় সোয়াটেককে ‘কুইন অব ক্লে’ বলা হলেও, ২০২৪ সালের পর এই সারফেসে কোনো শিরোপা জিততে পারলেন না তিনি। এমনকি ৬ বারের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা চলতি ২০২৬ সালে এখনও কোনো টুর্নামেন্টে ট্রফির মুখ দেখেননি। ম্যাচ শেষে হতাশ সোয়াটেক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকের দিনটি মাঠে মোটেও ভালো কাটেনি।’ আগামী জুনের শেষে উইম্বলডন শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এই হার নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা তার জন্য।
অন্যদিকে, চলতি বছর ক্লে কোর্টে যেন উড়ছেন ইউক্রেনীয় তারকা মার্তা কোস্তিয়ুক। গত এপ্রিলে রুয়ান ওপেন এবং চলতি মে মাসের শুরুতে মাদ্রিদ ওপেন জয়ের পর ২০২৬ সালের ক্লে কোর্ট মৌসুমে এখনও অপরাজিত তিনি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোস্তিয়ুক বলেন, ‘আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করছি। সকালে যখন ঘুম থেকে উঠেছি, তখন থেকেই ভাবছিলাম আজ ইগার বিপক্ষে খেলাটা আমার জীবনের কতটা অবিশ্বাস্য একটা দিন হতে যাচ্ছে!’
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে কোস্তিয়ুক মুখোমুখি হবেন তারই স্বদেশী এলিনা সোভিতলিনার। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে ৪-৬, ৬-৪, ৬-০ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন সপ্তম বাছাই সোভিতলিনা। ফলে ফরাসি ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দেখা যাবে অল-ইউক্রেনিয়ান দ্বৈরথ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

