আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোহলি-বাবরকে একবিন্দুতে মিলিয়ে দিল ‘৮৩’

স্পোর্টস ডেস্ক

কোহলি-বাবরকে একবিন্দুতে মিলিয়ে দিল ‘৮৩’

একটা সময় ক্রিকেটের রেকর্ড মানেই ছিল বিরাট কোহলি আর বাবর আজম। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই তারকার লড়াইটাও হতো দেখার মতো। রেকর্ডের বইয়ে তাদের বিচরণ ছিল নিত্যকার অভ্যাস। দীর্ঘসময় পর ফের একবিন্দুতে মিলে গেলেন কোহলি-বাবর। দুই তারকাকে এবার মিলিয়ে দিল ‘৮৩’।

শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরি পেলেন বাবর। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ম্যাচজয়ী অপরাজিত ১০২ রানের ইনিংস। তিন ফরম্যাট মিলিয়ে তার এই সেঞ্চুরি এসেছে ৮৩ ইনিংস পর। ঠিক এই আশ্চর্যজনকভাবে মিল আছে বিরাট কোহলিরও। একটা সময়ে ভারতীয় তারকার সেঞ্চুরি খরার ব্যবধানও ছিল ৮৩ ইনিংস!

বাবর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরিটা করেছিলেন ২০২২ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে; ১৪ চার, ৪ ছক্কা মেরে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেছিলেন। এরপর২৭ মাস ও ৮৩ ইনিংসে শতকের দেখা পাননি বাবর। ৮৪তম ইনিংসে ঘুচেছে সেই অপেক্ষা। এর মাঝে অবশ্য ২০টি ফিফটি করেন বাবর।

কোহলিও ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ ইনিংসের মধ্যে একবারও তিন অঙ্ক ছুঁতে পারেননি। তার সেঞ্চুরিখরার শুরুটা হয়েছিল ২০১৯ সালে ইডেন গার্ডেনসে, বাংলাদেশের বিপক্ষে ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংসের পর। মাঝে ৮৩ ইনিংসে ২৬টি ফিফটি করে অপেক্ষার অবসান ঘটান ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে। যা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ও একমাত্র সেঞ্চুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন