মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি হঠাৎ করেই বদলে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের বড় এক আয়োজনের চিত্র। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ এখন অনিশ্চয়তার মুখে। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। বিশেষ করে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে একই মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও আঞ্চলিক পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় সব ধরনের টুর্নামেন্ট ও প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী সূচি ও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ফলে ফিনালিসিমা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এখন আয়োজক দুই সংস্থা উয়েফা ও কনমেবলের হাতে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।
সংঘাতের প্রভাব শুধু কাতারেই সীমাবদ্ধ নেই। বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের সব ম্যাচ স্থগিত করেছে। একই সঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ এলিটের নির্ধারিত ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে। কোয়ার্টার ফাইনাল পর্যায়ে থাকা এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু ও চ্যালেঞ্জ লিগও এই সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে। এখন প্রশ্ন একটাইÑনিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে কি আদৌ মাঠে গড়াবে বহুল আলোচিত ফিনালিসিমা? সমর্থকদের অপেক্ষা আপাতত অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

