শিয়াটেকের জয়, বাউচার্ডের বিদায়

শিয়াটেকের জয়, বাউচার্ডের বিদায়

দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন ইগা শিয়াটেক। দুর্দান্ত খেলে কানাডিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন এই উইম্বলডন জয়ী। উইম্বলডনের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে হারানোর পর এই প্রথম কোর্টে নামলেন শিয়াটেক।

বিজ্ঞাপন

কিন্তু কোর্টের লড়াইয়ে চীনের প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না। গুও হানিউকে সরাসরি সেটে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন এই পোলিশ তারকা। দারুণ এ জয়ের পথে প্রতিপক্ষ গুওর সার্ভ ছয়বার ব্রেক করেন শিয়াটেক।


আজ বৃহস্পতিবার মন্ট্রিলে জয়ের দেখা পেয়েছেন চারবারের মেজর ট্রফিজয়ী নাওমি ওসাকাও। তিন সেটের জমজমাট লড়াইয়ে জাপানের এই তারকা ধরাশায়ী করেছেন লিউডমিলা সামসোনোভাকে। ব্যাক টু ব্যাক ম্যাচ পয়েন্ট সেভ করেন ওসাকা দ্বিতীয় সেটের দশম গেমে। দ্বিতীয় সেটের টাইব্রেকারেও পিছিয়ে ছিলেন ৫-২ গেমে। তবে ম্যাচ জিতে নেন ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৬-৩ গেমে।

ওসাকা পরের ম্যাচে লড়বেন জেলেনা অস্তাপেনকোর বিপক্ষে। লাটভিয়ার এই খেলোয়াড় ৬-২, ৪-৬ ও ৬-২ গেমে হতাশ করেছেন মেক্সিকোর রেনাতা জারাজুয়াকে।

ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেললেন ইউজিন বাউচার্ড। তবে কানাডিয়ান এই সুন্দরী বিদায়বেলাটা ঠিক রাঙিয়ে নিতে পারলেন না। দ্বিতীয় রাউন্ডে এসেই থামতে হলো তাকে। বাউচার্ডকে একটু আগেভাগেই অবসরে পাঠিয়ে দিয়েছেন বেলিন্ডা বেনচিচ। সুইজারল্যান্ডের এই তারকা বাউচার্ডকে হারিয়েছেন ৬-২, ৩-৬ ও ৬-৪ গেমে।


জয় দিয়ে মিশন শুরু করেছেন মেডিসন কিসও। কানাডিয়ান ওপেনে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ৬-২ ও ৬-১ গেমে ধসিয়ে দিয়েছেন লরা সিগমুন্ডকে। এ জয়ের মাধ্যমে হারের মধুর প্রতিশোধ নিলেন এই মার্কিন খেলোয়াড়। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে এই জার্মান খেলোয়াড়ের কাছে হেরে গিয়েছিলেন মেসিডন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন