ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেসে জায়গা রেখেছিলেন ভিনি

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেসে জায়গা রেখেছিলেন ভিনি

২০২৪ সালের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক এখনো থামেনি। সেবার রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে টপকে পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনিসিয়ুসের বদলে রদ্রিকে বিজয়ী ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছিল রিয়াল মাদ্রিদও। এবার সেই ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

বিজ্ঞাপন

রাফার দাবি, পুরস্কার ঘোষণার আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে ২০২৪ সালের ব্যালন ডি’অর তার হাতেই উঠতে যাচ্ছে। সেই খবর বিশ্বাস করেই বাড়িতে ট্রফি রাখার জন্য শোকেসে জায়গা নির্ধারণ করে রেখেছিলেন রিয়াল তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, ‘ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।’

শুধু পুরস্কার জেতার অপেক্ষাই নয়, প্যারিসের অনুষ্ঠানে বিশেষ একটি মুহূর্তের পরিকল্পনাও করেছিলেন ভিনিসিয়ুস ও জেনি। পরিকল্পনা ছিল, জেনি ভিনিসিয়ুসের হাতে ব্যালন ডি’অর তুলে দেবেন। বিপরীতে ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি। সামাজিক কাজ ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে জেনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

কিন্তু অনুষ্ঠানের আগের রাতেই বদলে যায় সব হিসাব। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। খবরটি পাওয়ার পর প্যারিসে ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে যাননি ভিনিসিয়ুস। একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। ফলে শোকেসে জায়গা করে রাখা সেই ট্রফি শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের ঘরে ওঠেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন