বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে প্রয়াত খেলোয়াড় দিয়োগো জোতাকে স্মরণ করার বিশেষ উদ্যোগ নিয়েছে পর্তুগাল। সাবেক এই ফরোয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানাতে পুরো টুর্নামেন্টজুড়ে বিশেষ রিস্টব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ পর্তুগিজ ফুটবলাররা।
পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি এই রিস্টব্যান্ড উপহার দিয়েছেন। ব্যান্ডটিতে বর্তমান স্কোয়াডের সব সদস্যের নামের পাশাপাশি যুক্ত করা হয়েছে প্রয়াত দিয়োগো জোতার নামও।
সংবাদ সম্মেলনে ভিতিনিয়া বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আমরা এই রিস্টব্যান্ড পেয়েছি। এটি মাঠে ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে। দলের সব খেলোয়াড়ের নামের সঙ্গে বিশেষভাবে রয়েছে দিয়োগো জোতার নামও।”
তিনি জানান, রিস্টব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক ছিল না। তবে দলের সবাই ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন, “আমরা অনেক আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছি এবং পরে খেলার সিদ্ধান্ত নিয়েছি।”
গত বছর স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ভাইসহ প্রাণ হারান জোতা। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি এখনও অনুভব করেন তার সাবেক সতীর্থরা।
আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
এদিকে বিশ্বকাপে পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখতে নারাজ ভিতিনিয়া। টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডারের মতে, দলটির সামর্থ্য থাকলেও এখনই নিজেদের ফেবারিট বলা ঠিক হবে না।
তিনি বলেন, “আমি বলব না যে আমরা ফেবারিট। তবে আমাদের যথেষ্ট গুণগত মান রয়েছে এবং অনেক দূর যাওয়ার সামর্থ্যও আছে। সফল হতে হলে বিনয়ী থাকতে হবে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।”
ভিতিনিয়ার বিশ্বাস, প্রতিভার ঘাটতি নেই পর্তুগালের। এখন প্রয়োজন সেই সামর্থ্যকে মাঠে কার্যকরভাবে কাজে লাগানো, “আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। এখন দরকার কৌশলগত ও কারিগরি পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

