সুইডেনের সামনে ‘কার্থেজের ঈগল’

স্পোর্টস রিপোর্টার

সুইডেনের সামনে ‘কার্থেজের ঈগল’

মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি সুইডেন ও আফ্রিকার ‘কার্থেজের ঈগল’খ্যাত তিউনিসিয়া। বিশ্বকাপের ‘গ্রুপ এফ’-এর নকআউট পর্বের টিকিট পাওয়ার লড়াইয়ে কাল সোমবার সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালুপের এস্তাদিও মনটেরি (বিবিভিএ স্টেডিয়াম) নামছে দুদল। নেদারল্যান্ডস ও জাপানের মতো কঠিন প্রতিপক্ষ একই গ্রুপে থাকায় টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণে উভয় দলের জন্যই এ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া প্রায় বাধ্যতামূলক।
দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরেই দুর্দান্ত ছন্দে রয়েছে সুইডিশরা। কোচিং স্টাফদের আধুনিক ৩-৪-২-১ ফরমেশন দলটির মাঠে বল পজিশন ধরে রাখার পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাক করার ক্ষেত্রে দারুণ কার্যকর। তবে সুইডেনের মূল শক্তির জায়গা তাদের ফরোয়ার্ড লাইন। বর্তমানে ইউরোপ কাঁপানো আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিওকেরেসের বিধ্বংসী জুটি যেকোনো বিশ্বমানের রক্ষণভাগ ধূলিসাৎ করে দিতে সক্ষম। বিশেষ করে গিওকেরেসের সাম্প্রতিক গোল করার অবিশ্বাস্য ফর্ম তিউনিসিয়া শিবিরের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ।
নিজেদের সপ্তম বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিউনিসিয়া এখনো পর্যন্ত গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। এবার সে ইতিহাস বদলাতে মরিয়া আফ্রিকান এই দেশটি। দলের মাঝমাঠের মূল চালিকাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি হান্নিবাল মেজব্রি। তিউনিসিয়া যদি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায়, তবে হান্নিবালকে মাঝমাঠের দখল বুঝে নিতে হবে। অবশ্য দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা তাদের নড়বড়ে ডিফেন্স। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলের বড় হার দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। এ ম্যাচে সুইডেনের ফিজিক্যাল ফুটবলের সামনে তিউনিসিয়ার রক্ষণভাগ কতটা দেয়াল তুলতে পারেÑতার ওপরই নির্ভর করছে তাদের ভাগ্য।
কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এ ম্যাচে সুইডেন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামবে। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। তিউনিসিয়া যদি শুরুতেই ‘লো-ব্লক’ ডিফেন্স দিয়ে সুইডেনের আক্রমণভাগকে আটকে রাখতে পারে এবং কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ কাজে লাগাতে পারে, তবে গ্রুপ ‘এফ’-এর পুরো সমীকরণ ওলটপালট হয়ে যেতে পারে। তাইতো একটি হাই ভোল্টেজ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুনিয়ার তাবৎ ফুটবলপ্রেমী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন