বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ হলেও ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখনও ফিকে হয়নি। সেই আবহকে উদযাপন করতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ঢাকা ফ্ল্যাশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপস্থাপক ফয়সাল তিতুমীর।
বিশ্বকাপজুড়ে চলা এই কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পাঠক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজন বিজয়ী নির্বাচন করা হয়।
প্রথম পুরস্কার বিজয়ী এস আর মুনতাসির রহমান পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী তারেক আজিজ পেয়েছেন ঢাকা-সিলেট-ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট। বিজয়ীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার।
অনুষ্ঠানে জয়ন্ত কর্মকার বলেন, ঢাকা ফ্ল্যাশের বিশ্বকাপভিত্তিক আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ ইতোমধ্যেই দেশ-বিদেশের দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। তাই শুধু বড় টুর্নামেন্টকে ঘিরেই নয়, সারা বছর ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার খবর, বিশ্লেষণ ও বিশেষ আয়োজন নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করবে ঢাকা ফ্ল্যাশ।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম বলেন, “বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা যুক্ত ছিল। ঢাকা ফ্ল্যাশের ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’-এর মতো দর্শকপ্রিয় আয়োজনের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগে ঢাকা ফ্ল্যাশের পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় ঢাকা ফ্ল্যাশের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহ থেকেই দর্শকদের জন্য দুটি নতুন ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান নিয়ে আসা হচ্ছে। সপ্তাহজুড়ে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের খেলাধুলার খবর ও বিশ্লেষণ নিয়ে প্রচার হবে ‘স্পোর্টস ক্রেজ’। পাশাপাশি ফুটবলের বাইরের নানা গল্প, ব্যক্তিত্ব ও ভিন্নমাত্রার ক্রীড়া বিষয়বস্তু নিয়ে শুরু হবে ‘বিয়ন্ড ফুটবল’ নামের আরেকটি নতুন অনুষ্ঠান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

