বিশ্বকাপ শুরুর আগে নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের ম্যাচে ধর্মঘটের হুমকি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের ম্যাচে ধর্মঘটের হুমকি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে আয়োজক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের প্রায় দুই হাজার আতিথেয়তাসংশ্লিষ্ট কর্মী ধর্মঘটের পক্ষে ভোট দেওয়ায় বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্বকাপ চলাকালে ফিফার নিয়ম অনুযায়ী ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ নামে পরিচিত হবে ৫.৫ বিলিয়ন ডলারে নির্মিত এই ভেন্যু। এখানে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১২ জুন প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচও রয়েছে।

বিজ্ঞাপন

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘট অনুমোদনের বিষয়ে অনুষ্ঠিত ভোটে ৯৬ শতাংশ সদস্য সমর্থন দিয়েছেন। ইউনিয়নের আওতাভুক্ত কর্মীদের মধ্যে রয়েছেন পরিবেশনকারী, বারটেন্ডার, রাঁধুনি ও অন্যান্য সেবাকর্মী।

কর্মীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ভালো বেতন, সাব-কন্ট্রাক্টিংয়ের বিরুদ্ধে সুরক্ষা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা চেয়ে আসছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসনবিষয়ক অভিযানের আশঙ্কাও তাদের উদ্বেগ বাড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, বিশ্বকাপ ম্যাচগুলোয় নিরাপত্তা সহায়তার জন্য ফেডারেল কর্তৃপক্ষ উপস্থিত থাকবে বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাকে জানিয়েছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, এসব কর্মকর্তা অভিবাসন আইন প্রয়োগের উদ্দেশ্যে কাজ করবেন না।

ইউনাইট হেয়ার লোকাল ১১-এর সহসভাপতি কার্ট পিটারসেন বলেন, ‘বিশ্বকাপ থেকে বিপুল অর্থ আয় হবে কিন্তু অনেক কর্মী এখনো ভাড়া পরিশোধ করতেই হিমশিম খাচ্ছেন। প্রয়োজন হলে আমরা ধর্মঘটে যাব।’

অন্যদিকে স্টেডিয়ামের খাদ্য ও আতিথেয়তা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান লেজেন্ডস গ্লোবাল আশাবাদী, আলোচনার মাধ্যমে ইউনিয়নের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বকাপজুড়ে দর্শকদের সর্বোচ্চ মানের সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচসহ সোফাই স্টেডিয়ামের বিশ্বকাপ সূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...