৩৭ বলের সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের ভেলকি

৩৭ বলের সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের ভেলকি

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আট বছরেরও বেশি সময় আগে। পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে দেখা যায়নি পাঁচ বছরের বেশি সময় ধরে। তবু ব্যাট হাতে সেই চেনা বিধ্বংসী রূপেই ফিরলেন এবি ডি ভিলিয়ার্স। ৪২ বছর বয়সে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, তার ব্যাটিংয়ের জাদু এখনো ফুরিয়ে যায়নি।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) ২০২৬ আসরে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের জয়ে বড় অবদান রাখেন এই সাবেক প্রোটিয়া তারকা। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.২ ওভারেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে ডি’আর্সি শর্ট, ডেভিড ওয়ার্নার ও জো বার্নসের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। জবাবে তিন নম্বরে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ডি ভিলিয়ার্স। ৪০ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসে মারেন ৬টি চার ও ১১টি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেন ওপেনার রিচার্ড লেভি। ২৯ বলে ৬২ রান করেন তিনি। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাফ ডু প্লেসি ও জেপি ডুমিনির মতো অভিজ্ঞ ব্যাটারদের আর তেমন কিছু করতে হয়নি।

ডব্লিউসিএলে ডি ভিলিয়ার্সের এমন পারফরম্যান্স অবশ্য নতুন নয়। ২০২৫ আসরে ছয় ম্যাচে ৪২৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। ২২০ স্ট্রাইক রেটে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তার দখলে। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। ২০২১ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার পর আর পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যায়নি তাকে। তবে লেজেন্ডস ক্রিকেটে ফিরেই বুঝিয়ে দিলেন, বয়স তার ব্যাটের ধার কমাতে পারেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...